ফরিদপুরে কলেজ ছাত্র হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
ফরিদপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রামেন্দ্র প্রতাপ দাস ওরফে রানা হত্যা মামলায় দুই ছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন রানার বন্ধু তুহিন শেখ গত রোববার জেলার বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৬ জানুয়ারি রানাকে অপহরণ করা হয়। ৮ জানুয়ারি ফরিদপুর পৌরসভার মাঝের গলি থেকে রানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রানা ফরিদপুর শহরের আলীপুর মহল্লার দিলীপ দাসের মেসে থেকে পড়াশোনা করত।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, শনিবার গভীর রাতে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফরিদপুর শহরতলির গুহলক্ষ্মীপুর মহল্লার তুহিন শেখ (১৮), রানার মেসের মালিক দিলীপ কুমার দাসের ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিবাকর দাস (২৪) এবং একই মেসের নিবাসী সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র মাগুরার শালিখা উপজেলার তুহিন কুমার বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তুহিন শেখ জবানবন্দি দিয়েছেন।