ফরিদপুরে কলেজছাত্র খুন, কাশিয়ানীতে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রামেন্দ্র প্রতাপ দাস নামের এক কলেজছাত্র খুন হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের আলীপুর মহল্লায় ফরিদপুর জেনারেল হাসপাতালের সীমানাপ্রাচীর-সংলগ্ন একটি দোকানের সামনে থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করেছে।
রামেন্দ্র প্রতাপ ফরিদপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র ছিল। সে রাজবাড়ীর সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের রবীন্দ্রনাথ দাসের ছেলে।
একই দিন গোপালগঞ্জ-রামদিয়া সড়কে জেলার কাশিয়ানী উপজেলার তালতলা এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর জেনারেল হাসপাতালের সীমানাপ্রাচীর-সংলগ্ন বস্তির এক নারী সকাল নয়টার দিকে গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে সরোয়ার মিয়ার পরিত্যক্ত দোকানের নিচে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রামেন্দ্রের চাচাতো ভাই রাজীব দাস জানান, রামেন্দ্র প্রতাপ শহরের আলীপুর মহল্লার আলাউদ্দিন খাঁ সড়কের দিলীপ কুমার দাসের মেসে থেকে পড়াশোনা করত। সে গত সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ফরম পূরণ করে। ওই দিনই তার বাড়িতে যাওয়ার কথা ছিল। সোমবার বিকেল থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক গতকাল বিকেলে বলেন, দুর্বৃত্তরা রামেন্দ্রকে গলা কেটে হত্যার পর তাঁর দুটি চোখ এবং মুখমণ্ডলের পুরো চামড়া ধারালো অস্ত্র দিয়ে তুলে ফেলেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমারত আলী বলেন, স্থানীয় লোকজন তালতলা গ্রামের রাস্তার পাশের খেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ছেলেটিকে কেউ হত্যা করে ফেলে রেখেছে।