ফরিদপুরে কৃষকের মরদেহ উদ্ধার
ফরিদপুরে শেখ বকুল (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের রক্তাক্ত লাশ তাঁর বাড়ির পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, সোমবার স্থানীয় একটি এনজিও থেকে ঋণ বাবদ ২০ হাজার টাকা তোলেন তাঁর স্বামী। এরপর তিনি বাড়ির দুই রাখালকে নিয়ে জমিতে কাজ করতে যান। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি।এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাতে খোঁজাখুঁজি করে একটি ধানখেতে বকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনার পর থেকে ওই দুই রাখাল পলাতক রয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, এ ব্যাপারে নাসিমা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে দুই রাখালের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।গোয়ালন্দে লাশ উদ্ধার: গতকাল সকালে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ দৌলতদিয়া-খুলনা মহাসড়কের শহরের পদ্মার মোড় বেইলি সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের (৩৫) লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত ওই তরুণের পরনে সাদা রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তাঁর ডান পায়ের গোড়ালির কাছে দুটি ছিদ্র দেখা যায়।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গতকাল সকালে উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া য়ায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।