ফরিদপুরে কড়া নিরাপত্তায় মুজাহিদের দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের লাশ ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে তাঁর গ্রামের বাড়ির পাশে দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাতটার পর মুজাহিদকে তাঁর বাবার নামে প্রতিষ্ঠা করা আবদুল আলী ট্রাস্টের পরিচালিত আদর্শ একাডেমির (আইডিয়াল মাদ্রাসা) ফটকের ডান পাশে দাফন করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, মুজাহিদের অন্তিম ইচ্ছা অনুযায়ী তাঁর লাশ সেখানে দাফন করা হয়।
ঢাকার কেন্দ্রীয় কারাগারে শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকরের পর রাত ২টা ৫৫ মিনিটে মুজাহিদের লাশ নিয়ে একটি গাড়ির বহর ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। বহরে দুটি অ্যাম্বুলেন্স, র্যা ব ও পুলিশের নয়টি গাড়ি ও একটি ট্রাক ছিল। বহরটি সাভার, মানিকগঞ্জ, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এবং রাজবাড়ী রাস্তার মোড় হয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে ফরিদপুরে পৌঁছায়। এর আগে ভোর সোয়া ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী-ফরিদপুরের সীমানা সাইনবোর্ড এলাকায় লাশ বুঝে নেন ফরিদপুরের জেলা প্রশাসনের দুই নির্বাহী হাকিম এনডিসি (ডেপুটি কালেক্টর নেজারত) রুবায়েত হায়াত ও মনদীপ ঘরাই।
এ ছাড়া ভোররাত পাঁচটার দিকে ঢাকা থেকে মুজাহিদের স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, ভাই আলী আফজল মো. খালেচসহ ২৫ জন স্বজন পাঁচটি গাড়িতে করে ফরিদপুরে এসে পৌঁছান।
শনিবার দিবাগত রাত থেকেই কয়েক শ নিরাপত্তাকর্মী মুজাহিদের বাড়ি; বাড়ি থেকে ৪০০ গজ পশ্চিমে অবস্থিত আদর্শ একাডেমি (দাফনস্থল) এবং বাড়ি থেকে প্রায় ২০০ গজ পূর্বে অবস্থিত ঢাকা-বরিশাল সড়ক পর্যন্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন।
লাশ আসার পরপরই জানাজা হয় আদর্শ একাডেমির ভেতরের মাঠে। ওই সময় মুজাহিদের পরিবারের সদস্য, আত্মীয় ও জামায়াতের নেতা-কর্মী ছাড়া আর কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। জানাজার নামাজ পড়ান মুজাহিদের ভাই ফরিদপুর পৌর জামায়াতের নায়েবে আমীর আলী আফজল মো. খালেচ। এর আগে জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরউদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবদুত তাওয়াব, আঞ্চলিক আমির দেলোয়ার হুসাইন ও মুজাহিদের বড় ছেলে আলী আহমদ তাজদিদ।
মুজাহিদের বড় ছেলে আলী আহমদ তাজদিদ তাঁর বক্তব্যে বলেন, তাঁর বাবা কারাগারে শেষ সাক্ষাতের সময় বলেছিলেন, এ মামলায় দুজন রাজনৈতিক সাক্ষী ছাড়া বাকি সাক্ষীরা ভয়ে কিংবা অভাবে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তাজদিদ বলেন, ‘আব্বা বলেছিলেন, “আমি ওই সাক্ষীদের ক্ষমা করে দিয়েছি। তোমরাও তাঁদের প্রতি কোনো ক্ষোভ রেখো না।”’
জেলা জামায়াতের আমির আবদুত তাওয়াব প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তারক্ষীদের সহায়তায় আমরা সুষ্ঠুভাবে জানাজা ও মাটি দিতে পেরেছি। জানাজায় এলাকার লোকদের যোগ দিতে দেওয়া হয়নি। তারপরও প্রায় দুই হাজার লোক অংশ নিয়েছেন।’
আনন্দ মিছিল: মুজাহিদের ফাঁসি কার্যকর করার খবর শুনে শনিবার রাত একটার দিকে ফরিদপুরে আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মিছিলটি শহরের থানা রোড এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ‘এই মুহূর্তে খবর এল, মুজাহিদের ফাঁসি হলো’, ‘ফরিদপুরবাসী খুশি হলো, মুজাহিদের ফাঁসি হলো’ প্রভৃতি স্লোগান দিয়ে শহরের জনতা ব্যাংকের মোড় ও মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।