ফরিদপুরে খরায় ঝরে যাচ্ছে লিচু

ফরিদপুরে এবার প্রচণ্ড গরম ও খরায় লিচু পুড়ে যাচ্ছে। শুকিয়ে ঝরে পড়ছে। এতে বিপাকে পড়েছেন এ জেলার লিচুচাষিরা। লাভের মুখ দেখতে পাবেন কি না, এ নিয়ে তাঁদের দুশ্চিন্তা কাটছে না।
মধুখালী উপজেলার জাহাপুর ও বোয়ালমারী উপজেলার কাদিরদী এলাকায় গিয়ে দেখা গেছে, সূর্যের প্রচণ্ড তাপে লিচুর একাংশ প্রায় পুড়ে গেছে। খরায় লিচু শুকিয়ে গেছে। টুপটাপ ঝরে পড়ছে।
জাহাপুর এলাকার লিচুচাষি হারিছ মোল্লা প্রথম আলোকে বলেন, বাগানে কীটনাশক, সার ও ওষুধ ব্যবহার করে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন লিচু পুড়ে যাচ্ছে। শুকিয়ে শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে।
একই এলাকার লিচুচাষি সেলিম ভূঁইয়া বলেন, অধিক মাত্রায় খরার কারণে লিচুগুলো ঝরে যাচ্ছে। অন্যদিকে যে ফলগুলো গাছে রয়েছে, তার গায়ে কালো দাগ পড়ে যাচ্ছে। এই মৌসুমে বড় ধরনের লোকসান হবে।
বোয়ালমারীর কাদিরদী এলাকার চাষি হাদী নান্নু, আনোয়ার হোসেন ও বেলাল ফকির বলেন, ‘অন্য ফসলের চেয়ে এ এলাকায় লিচু ভালো হয় বলে আমরা বেশি করে লিচুর বাগান করেছি। বেশ কয়েক বছর ধরে লাভের মুখ দেখলেও এবার পুঁজি তোলা নিয়ে চিন্তায় আছি।’
জাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসহাক হোসেন বলেন, ‘আমাদের এলাকায় দুই শতাধিক লিচুবাগান আছে। চলতি মৌসুমে প্রচণ্ড দাবদাহ থাকার কারণে বাগানগুলোর ফলন আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। বিষয়টি আমি উপজেলা কৃষি কার্যালয়কে জানিয়েছি।’
লিচুর গায়ে কালো দাগ ও ঝরে পড়া ঠেকানো প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবদুত রউফ বলেন, প্রচণ্ড দাবদাহ থেকে লিচুর ফলন ধরে রাখতে হলে দিনে তিনবার ডায়বেন-এন ৪৫ অথবা টিল্ট পানিতে মিশিয়ে গাছে ছিটিয়ে দিতে হবে। বাগানগুলোতে সকাল-বিকেল পানি দিতে হবে। এ ছাড়া লিচুচাষিদের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজারকে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে।