কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ফরিদপুর শহরে গতকাল রোববার জাতীয় সংবাদপত্র বিলি করা হয়নি। তবে সংবাদপত্র হকার সমিতি জানিয়েছে, আজ সোমবার দুই দিনের পত্রিকা একসঙ্গে বিলি করা হবে।
গতকাল ফরিদপুর শহরের প্রায় নয় হাজার গ্রাহক প্রথম আলোসহ ঢাকা থেকে প্রকাশিত কোনো জাতীয় সংবাদপত্র পড়তে পারেননি।
সংবাদপত্র পত্রিকার এজেন্ট মাহমুদুল হাসানের ব্যবস্থাপক কার্তিক রায় প্রথম আলোকে বলেন, কুয়াশার কারণে গত শনিবার রাত ১২টা থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এ কারণে গতকাল বিকেল পৌনে পাঁচটার সময় সংবাদপত্রের গাড়ি ফরিদপুর শহরে পৌঁছায়। ফরিদপুরের সংবাদপত্র হকাররা ওই সময় পত্রিকা বিলি না করে আজ দুই দিনের পত্রিকা একসঙ্গে বিলি করার সিদ্ধান্ত নেন। ফরিদপুর হকার সমিতির সভাপতি আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সাধারণত প্রতিদিন ভোর ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ঢাকার পত্রিকাগুলো ফরিদপুর শহরে পৌঁছায়।