ফরিদপুরে গুদামজাতের জন্য চিনি কেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুরে গুদামজাত করার জন্য বিপুল পরিমাণ চিনি কেনার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন এবং ওই ব্যবসায়ীর গুদাম সিলগালা করে দিয়েছেন। সদরের রাজবাড়ী রাস্তার মোড় ও কানাইপুর বাজারে গত বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে ২০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক কানাইপুরে আসছে, গোপন সূত্রে এ খবর পেয়ে র্যাবের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিনের নেতৃত্বে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই স্থান দিয়ে যাওয়ার সময় ট্রাকটি থামানো হয়। এ সময় ওই ট্রাক থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। ট্রাকটিতে প্রতিটি বস্তায় ৭০ কেজি করে মোট ১৪ হাজার কেজি চিনি পাওয়া যায়। কিন্তু চিনি পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাকটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়।র্যাব সূত্রে আরও জানা গেছে, সদর উপজেলার কানাইপুরের ব্যবসায়ী নিপা ফ্লাওয়ার মিলের মালিক রোকন বিশ্বাস বাজার থেকে কিনে চিনি গুদামজাত করার জন্য ট্রাকে করে নিয়ে আসছিলেন। রোকন বিশ্বাস জানান, ‘আমার গুদামের লাইসেন্স আছে। আমি গুদামজাত করার জন্য এ চিনি এনেছিলাম।’