ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার মাইক্রোবাসের চাপায় এক গৃহবধূ ও মাগুরায় ট্রাক-নছিমনের সংঘর্ষে এক নছিমন চালক নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর গন্ধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গৃহবধূ রোজিনা বেগম (৫২) বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসের চাপায় তিনি আহত হন। মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোজিনা বেগম গন্ধারদিয়া গ্রামের মমিন খন্দকারের স্ত্রী। মাগুরা-নড়াইল সড়কের মাগুরার ধলহরা বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নড়াইলগামী একটি ট্রাকের সঙ্গে একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনচালক শংকর অধিকারী (৪৫) আহত হন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। শংকরের বাড়ি শত্রুজিৎপুর গ্রামে।