ফরিদপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু স্বামী গ্রেপ্তার
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ গত বুধবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর আগে আলীয়াবাদ ইউনিয়নের পূর্ব বিলমামুদপুর গ্রামের নূরু শেখের মেয়ে বন্যা বেগমের (২২) সঙ্গে একই ইউনিয়নের চৌহাটা গ্রামের শেখ মাসুদের (২৮) বিয়ে হয়। দুই বছর আগে শেখ মাসুদ বিদেশ যাওয়ার জন্য বন্যার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেন। কিন্তু বন্যার পরিবার এ টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়।মাসুদ গত সোমবার রাতে বন্যাকে জুস পান করালে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই দিন দিবাগত রাত দুইটার দিকে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ছয়টার দিকে বন্যা মারা যান। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর দুই বছর বয়সী একটি মেয়ে আছে।