ফরিদপুরে গৃহবধূর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়াল গ্রামের একটি পাটখেত থেকে গতকাল শুক্রবার বিকেলে বিউটি আক্তার (৩০) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়েছে৷
এদিকে মাদারীপুরের আলোচিত স্কুলছাত্র সুজন ভূঁইয়া (১৩) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে শামীম মাতুব্বর (২২) ও জাহাঙ্গীর গৌড়া (৩০) নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মর্জিনা বেগম বলেন, বিউটি আক্তার ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের তাজেল ফকিরের মেয়ে৷ এক বছর আগে স্বামীর মৃত্যুর পর বিউটি তিন শিশুসন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন৷ কিছুদিন আগে ওই এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে আসেন ঝিনাইদহ জেলার মো. রহমান (৪০) নামের এক ব্যক্তি৷ বিউটি রহমানকে বিয়ে করে বাবার বাড়িতে থাকতেন৷ গত রোববার বিকেলে বিউটি পাশের মালিগ্রাম বাজারে মেক্সি বানাতে গিয়ে নিখোঁজ হন৷ এ ব্যাপারে এলাকায় মাইকিংও করা হয়৷ এদিকে গত বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ স্ত্রীর সন্ধানে মাগুরা জেলায় এক ফকির বাড়ি যাওয়ার কথা বলে রহমান চলে যান৷ এরপর আর তিনি এলাকায় ফিরে আসেননি৷
বিউটির বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গতকাল বিকেল চারটার দিকে একটি পাটখেত থেকে তাঁর লাশ পাওয়া যায়৷
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে৷
মাদারীপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহিষেরচর পাকা মসজিদ এলাকার শামীম মাতুব্বর (২২) ও জাহাঙ্গীর গৌড়া (৩০)৷ সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক বলেন, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে৷
১৭ জুন বেলা ১১টায় মহিষেরচর পাকা মসজিদ এলাকার খলিল ভূইয়ার ছেলে সুজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়৷