ফরিদপুরে গ্রেপ্তার ছাত্রদল নেতা তিন দিনের রিমান্ডে
ফরিদপুরে ককটেল ও পেট্রলবোমাসহ গ্রেপ্তার হওয়া সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার ও তাঁর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ গত মঙ্গলবার আদালতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর ও তাঁর দুই সহযোগী মোহাম্মদ আলী ভূঁইয়া ও সোহাগ গাজীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। অন্যদিকে, তাঁদের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। গতকাল রোববার দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৫ জুন রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরের দিন বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।