ফরিদপুরে ঘরে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ
ফরিদপুর শহরতলির ডিক্রিরচরে ঘর থেকে গতকাল শনিবার সকালে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেলে প্রতিবেশী রিপনের বাড়িতে হামলা ও আগুন দেন।
ওই দম্পতি হলেন শামসুল হক মালত (৭৫) ও তাঁর স্ত্রী নার্গিস নাহার সেলিনা (৬০)। গত শুক্রবার দিবাগত রাতে তাঁদের হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। কয়েক দিন আগে একইভাবে মানিকগঞ্জে ঘরের ভেতর স্বামীর গলাকাটা লাশ এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল হক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় (বিআইডব্লিউটিসি) চাকরি করতেন। এখন তিনি অবসরে আছেন। তিনি স্ত্রীসহ ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি গ্রামের মালত বাড়িতে একতলা পাকা ঘরে বসবাস করতেন। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে খায়রুজ্জামান মাসুদ (৪২) ঢাকার মহাখালীতে একটি বায়িং হাউসের পরিচালক। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। তবে শুক্রবার রাতে তিনি ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিলমাহমুদপুর গ্রামে শ্বশুরবাড়িতে ছিলেন।
এলাকার কয়েকজন জানান, গতকাল অনেক বেলা হলেও শামসুল হকের ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের মনে সন্দেহ হয়। খায়রুজ্জামানও তাঁর বাবার মুঠোফোনে বারবার ফোন করেও কোনো সাড়া পাননি। তিনি দ্রুত বাড়ি চলে আসেন। ঘরের দরজায় তালা লাগানো দেখে জানালা ভেঙে তিনি ভেতরে ঢোকেন। এ সময় তিনিসহ প্রতিবেশীরা দুজনের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ঘটনার পর থেকেই প্রতিবেশী রিপন পলাতক। অনেকে সন্দেহ করছে, দুজনকে হত্যার সঙ্গে তিনি জড়িত। তাই ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, ‘মৃতদেহ দুটি দেখে মনে হচ্ছে, প্রথমে শ্বাসরোধে ও পরে গলা কেটে দুজনকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।