ফরিদপুরে চম্পা হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া সুলতানা চম্পা
জাকিয়া সুলতানা চম্পা

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা ওরফে চম্পাকে (১৩) ধর্ষণের পর হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আর চট্টগ্রামের হালিশহরে শিশু ইয়াসিন আরাফাত (৭) হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে চার আসামিকে। গতকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে এ দুই মামলার রায় ঘোষণা করা হয়।
চম্পা হত্যা: আদালত প্রতিবেদক ও ফরিদপুর অফিস জানায়, ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা ওরফে চম্পাকে ধর্ষণের পর হত্যা মামলায় গতকাল রায় ঘোষণা করেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন শামীম মণ্ডল, মো. বাবুল হোসেন ওরফে রাজীব হোসেন ওরফে বাবু হোসেন মাতুব্বর, জাহিদুল হাসান ওরফে জাহিদ হাসান ও আকাশ মণ্ডল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মৌসুমীকে বেকসুর খালাস দেন আদালত। শামীম ও জাহিদ আদালতে হাজির ছিলেন। অপর দুই আসামি আকাশ ও বাবুল পলাতক। আদালত শামীম ও জাহিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পলাতক দুই আসামি যেদিন থেকে গ্রেপ্তার বা আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে রায় কার্যকর হবে বলে আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষ ৩০ জন সাক্ষী উপস্থাপন করে। আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আর ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
২০১২ সালের ১৩ ডিসেম্বর চাচাতো বোন পপির গায়েহলুদের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় চম্পা। পরদিন বাড়ির পাশে মেহগনি বাগানের একটি গাছ থেকে চম্পার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ১৫ ডিসেম্বর চম্পার ভাই মো. হাসিবুল ইসলাম বাদী হয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শাহ আলম ২০১৩ সালের ২০ মে পাঁচজনের নামে ধর্ষণের পর হত্যার অভিযোগে অভিযোগপত্র দেন।
ইয়াসিন হত্যাকাণ্ড: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামের হালিশহরে শিশু ইয়াসিন আরাফাত (৭) হত্যা মামলায় গতকাল রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. ফারুক, মো. আনোয়ার, মো. ইদ্রিস ও মো. সুজন। এঁদের মধ্যে সুজন পলাতক। ফারুক ছিলেন শিশুটির বাড়ির ভাড়াটে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, মামলার অপর আসামি রাবিয়া বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০১২ সালের ১৭ ডিসেম্বর হালিশহর এলাকার বাসার সামনে থেকে স্থানীয় প্রাণহরি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইয়াসিনকে অপহরণ করা হয়। পরদিন সকালে সীতাকুণ্ডের কালুশাহ নগরের বন্দর টোল রাস্তার পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবা রিয়াজউদ্দিন বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। পুলিশ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, দলনেতা সুজনের পরামর্শে ইয়াসিনকে অপহরণ করা হয়। শিশুটিকে ঘটনার দিনই সিলেটে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শিশুটি কান্নাকাটি করতে থাকায় তাকে সিলেটে না নিয়ে সীতাকুণ্ডে নিয়ে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায়।
২০১৩ সালের ২৪ অক্টোবর মামলাটির তদন্ত শেষে হালিশহর থানার পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরের বছরের ১২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মামলার রায়ের পর ইয়াসিনের বাবা রিয়াজউদ্দিন বলেন, এক আসামি খালাস পাওয়ায় তিনি কিছুটা অসন্তুষ্ট। তাঁর দাবি, হত্যার ঘটনায় রাবিয়া বেগমও জড়িত ছিলেন।