ফরিদপুরে চাঞ্চল্যকর চাঁপা রানী হত্যা মামলার রায় ৯ জুন
ফরিদপুরের চাঞ্চল্যকর চাঁপা রানী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ জুন৷ গতকাল সোমবার রাষ্ট্র ও আসািমপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক রায় ঘোষণার ওই তারিখ ধার্য করেন৷
গতকাল সকাল ১০টায় জেলা জজ আদালতে প্রথমে সরকারি কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামান দুলু যুক্তিতর্ক উপস্থাপন করেন৷ তাঁকে সহায়তা করেন ঢাকা থেকে আসা আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রশীদ৷
পিপি বলেন, আসািম দেবাশীষ সাহা নিহত চাঁপা রানীর এক মেয়েকে উত্ত্যক্ত করতেন৷ চাঁপা রানী এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সামাজিকভাবে এর বিচার চাওয়ায় দেবাশীষ ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়ে তাঁকে হত্যা করেন৷ রাষ্ট্রপক্ষ আরও বলে, আসািম দেবাশীষ হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান৷ এ থেকে আরেকবার প্রমাণিত হয়, তিনি অপরাধী৷
আসািমপক্ষের আইনজীবী মো. শাহজাহান মিয়া বলেন, চিকিৎসকের প্রতিবেদন থেকে জানা গেছে, চাঁপা রানীর দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটেছে৷ হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটেনি৷ তাই দেবাশীষকে দোষী সাব্যস্ত করা হলেও ৩০২ ধারা (হত্যা) প্রয়োগ না করে ৩০৪-সংক্রান্ত (দুর্ঘটনাজনিত মৃত্যু) ধারা প্রয়োগের জন্য তিনি আদালতকে পরামর্শ দেন৷
দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে জেলা জজ মো. আনোয়ারুল হক আগামী ৯ জুন মামলার রায় ঘোষণা করা হবে বলে আদেশ দেন৷
প্রসঙ্গত, ২০১০ সালের ২৬ অক্টোবর বিকেলে চাঁপা রানী মোটরসাইকেলের চাপায় নিহত হন৷ পরের দিন চাঁপা রানীর ভাই অরুণ কুমার ভৌমিক বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন৷ এই মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন৷ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলী খন্দকার দেবাশীষসহ তিনজনের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন৷ মামলার প্রধান আসািম দেবাশীষ হাইকোর্ট থেকে জামিন নিয়ে ২০১২ সালের ২৭ আগস্ট থেকে পলাতক রয়েছেন৷