ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা জরুরি বিভাগের চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।স্বজনেরা জানান, নগরকান্দা উপজেলার বড় খাড়দিয়া গ্রামের ইদ্রিস আলী (৫৫) শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে ভর্তি হন। আধা ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি। বিষয়টি জরুরি বিভাগের চিকিৎসককে জানানোর পরও চিকিৎসা দেওয়া হয়নি। জরুরি বিভাগের চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস আলীকে মেডিসিন ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। এরপর হাসপাতালের একজন সুইপারের সহায়তায় ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় ইদ্রিস মারা যান।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, চিকিৎসক ও ওয়ার্ডবয়দের অবহেলায় ইদ্রিসের মৃত্যুর অভিযোগ এনে জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন রোগীর স্বজনেরা।মোয়াজ্জেম হোসেন বলেন, ইদ্রিসের ডায়রিয়া ও শ্বাসকষ্ট ছিল। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু ওয়ার্ডবয় আনসার আলী আরেক রোগীকে সেলাই দিতে ব্যস্ত থাকায় তাঁকে ওয়ার্ডে নিতে দেরি হয়। তিনি অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সময় সেখানে ওয়ার্ডবয় ছাড়া অন্য কেউ ছিলেন না বলে রোগীকে ওয়ার্ডে পাঠাতে দেরি হয়।