ফরিদপুরে চুরির অভিযোগে শিশু গৃহকর্মীকে ছ্যাঁকা
সোনার চেইন চুরির অভিযোগে ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকের বাসায় এক শিশু গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। ঘটনার পর ওই শিক্ষক বাড়িতে তালা ঝুলিয়ে স্ত্রীকে নিয়ে গা ঢাকা দিয়েছেন। শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ওসিসির সমন্বয়কারী চিকিৎসক শফিউল্লাহ বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওসিসি কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।ওই শিশু ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকেন সরকারি রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পংকজ কুমার সিকদার। বছর খানেক ধরে তাঁর বাসায় গৃহকর্মীর কাজ করছে যশোরের মনিরামপুর উপজেলার চাউলীয়া গ্রামের শংকর দাসের মেয়ে সুবর্ণা দাস (১১)। সুবর্ণা বলে, ‘আমাকে গৃহকর্ত্রী নমিতা সিকদার (শিক্ষকের স্ত্রী) প্রায়ই কারণে-অকারণে মারধর করতেন। ১৩ এপ্রিল নমিতা সিকদারের একটি সোনার চেইন চুরি করার অভিযোগে তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে তিনি চাকু গরম করে আমার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে রান্নাঘরে আটকে রাখেন। সুবর্ণার ওপর নির্যাতন ও তাকে আটকে রাখার খবর জানাজানি হলে গত শনিবার রাতে এলাকাবাসী সুবর্ণাকে উদ্ধার করেন। রোববার তাঁকে হাসপাতালে নেওয়া হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসীনুল হক বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে স্ত্রীসহ ওই শিক্ষকের আত্মগোপনের ঘটনা প্রমাণ করে, তাদের মনে দুর্বলতা আছে। এ ব্যাপারে পঙ্কজের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।