ফরিদপুরে বাস মালিক সমিতির নেতাকে গ্রেপ্তারের জের ধরে গতকাল মঙ্গলবার ভোর থেকে জেলার সব সড়কে বাস চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
মালিক সমিতির সভাপতি কাজী সিদ্দিকুর রহমান বলেন, সমিতির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করায় ভোর ছয়টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমিতির নেতাদের ফরিদপুর কোতোয়ালি থানায় ডেকে পাঠান। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বৈঠকের পর বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে। সমিতির যুগ্ম সম্পাদক গৌতম কুমার ঘোষ বলেন, ‘পুলিশ আমাদের নেতা কামরুল ইসলাম সিদ্দিকীকে মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করি।’
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, কামরুল ইসলাম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে ছাড়া হবে বলে কোনো আশ্বাস বাসমালিক নেতাদের দেওয়া হয়নি।
জানা গেছে, আজ বুধবার ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাম মো. নাসির ও ইলিয়াস মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাঙ্গায় দুই হাজারের বেশি ভোটার থাকায় কয়েক দিন ধরে সেখানে জমজমাট প্রচারণা চলছে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, সোমবার রাতে কামরুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী ইলিয়াস মোল্লার পক্ষে প্রচারণা চালাতে ভাঙ্গা বিশ্বরোড মোড় এলাকায় আসেন। এ সময় তাঁর নেতৃত্বে মহাসড়কে মহড়া নিয়ে ত্রাসের সৃষ্টি করলে রাস্তায় যান চলাচলে বাধার সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে কামরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের লুৎফর রহমান (৩৫) ও ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আনোয়ার হোসেন (৩৫)। গতকাল সকালে শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা বেলাল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। থানার এসআই মুকুল খান গ্রেপ্তার চারজনসহ ১১ জনকে আসামি করে মামলা করেছেন।