ফরিদপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
ফরিদপুর জেলা ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক রোমেল আহমদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে শহরের চরকমলাপুর এলাকার কুমার নদের ওপর সেতু থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোমেলের বাড়ি শহরের পূর্ব খাবাসপুর এলাকায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস বলেন, রোমেলকে দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যৌতুকের দাবিতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তাঁর স্ত্রীর দায়ের করা একটি মামলা, অপরটি শহরের স্টেশন রোডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি গাড়ি ভাঙচুরের মামলা। গত ২৯ অক্টোবর এলজিইডির ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী মো. মনোয়ার সরকার মামলাটি দায়ের করেন।গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ বলেন, শহরের স্টেশন রোডে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। অথচ রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য ওই মামলায় রোমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আফিস ইমরানসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।