ফরিদপুরে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধার অভিযোগ
ফরিদপুরে গতকাল রোববার পুলিশের বাধার কারণে মিছিল করতে পারেননি বলে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন। সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
বিভিন্ন এলাকা থেকে মিছিল করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল বিকেলে শহরের ব্রহ্মসমাজ সড়কে জড়ো হতে থাকেন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিমুল হাসান, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।
বক্তারা কোতোয়ালি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক জহিরুল হকের (২৯) ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। গত বুধবার রাতে শহরের ঝিলটুলী মহল্লায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জহিরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।