ফরিদপুরে ছাত্রী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এবার মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছে ওই ছাত্রী।ওই ছাত্রী (১৭) জানায়, সকাল সাড়ে আটটার দিকে গার্হস্থ্য অর্থনীতির ব্যবহারিক পরীক্ষা দিতে সে শহরের গোয়ালচামট মহল্লার বাসা থেকে রিকশায় করে কলেজে যাচ্ছিল। পৌনে নয়টার দিকে পূর্ব খাবাসপুরের মোড় পার হয়ে কলেজের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁর রিকশার গতিরোধ করে। ওই গাড়ি থেকে চালকসহ চার তরুণ নেমে তার মুখে হাত চেপে ধরে উঠিয়ে নিয়ে যায়। এরপর মাইক্রোবাসটি দুই কিলোমিটার দূরে শহরের কমলাপুর মহল্লার তেঁতুলতলার মোড় এলাকায় পৌঁছালে যানজটের কারণে আটকা পড়ে। এ সময় চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলো, মাইক্রোবাসটির চালক ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের মনিকোঠা গ্রামের হায়দার শেখ ও ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার মো. মোকাম্মেল হোসেন। এনডিসি শাহরিয়ার মতিন বলেন, আটক ব্যক্তিদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।গতকাল বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।