ফরিদপুরে ছাত্রীকে মারপিট ও দুই শিক্ষককে লাঞ্ছিত করায় বখাটের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার এক ছাত্রীকে মারধর ও দুই শিক্ষককে লাঞ্ছনার অভিযোগে প্রথম বর্ষের ছাত্র মো. পারভেজকে জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। পরে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, গতকাল সকাল ১০টায় প্রথম বর্ষ মানবিক বিভাগের মাসিক পরীক্ষা ছিল। ওই ছাত্রী পরীক্ষা দিতে শ্রেণীকক্ষে ঢোকার সময় সহপাঠী পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের পারভেজ (১৬) পথরোধ করেই তার মুখমণ্ডলে ঘুষি মারে। এর পরও চড়-থাপ্পড় মারতে থাকায় ছাত্রীটিকে উদ্ধারে এগিয়ে এসে শিক্ষক প্রবীর কুমার বিশ্বাস ও মোরাদ হোসেন তালুকদার বখাটে পারভেজ ও তার বহিরাগত সহযোগীদের হাতে লাঞ্ছিত হন। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাস থেকে পারভেজকে আটক করে।মারধরের শিকার ছাত্রীটি জানায়, পারভেজ তাকে দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাড়া না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এ হামলা চালায়। অধ্যক্ষ মনিরুল হক সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীকে রক্ষা করতে এসে ওই বখাটে ছাত্রের হাতে দুই শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।