ছিনতাইকারীরা ফরিদপুরে চালককে কুপিয়ে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। গোপালগঞ্জে চালককে খুন করে ইজিবাইক নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। এ দুটিই শনিবার দিবাগত রাতের ঘটনা। এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে তিন ছিনতাইকারী সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন পরিষদ ভবনের কাছে চালক মো. গণি শেখের (৩৫) দুই পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ইজিবাইকটি (ফরিদপুর পৌরসভা ৭০৩) নিয়ে পালিয়ে যায়। গণি শেখ চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে প্রায় এক কিলোমিটার দক্ষিণে মল্লিকডাঙ্গা এলাকায় জনতা ইজিবাইকসহ তিন ছিনতাইকারীকে ধরে মারধর করে। পরে পুলিশ এসে তিন ছিনতাইকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। তিনি হলেন ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকার মো. শাহাদাত হোসেন (২০)। এ ছাড়া গণপিটুনিতে নিহত শাহাদাতের চাচাতো ভাই ওই একই গ্রামের মো. দেলোয়ার হোসেন (১৮) ও তাঁদের সহযোগী সদরের পশরা গ্রামের সুমন দাসকে (১৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।মো. গণি শেখকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি শহরের হাবেলী গোপালপুর এলাকায়। এ ব্যাপারে গণির স্ত্রী বাদী হয়ে গতকাল রোববার কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।পুলিশ জানায়, ছিনতাইকারীরা ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামে রাত সাড়ে ১০টার দিকে নূর আলম সরদারের (২৫) ইজিবাইকে ওঠে। রাস্তায় নির্জন স্থানে এসে তারা নূর আলমকে ধাক্কা দিয়ে দ্রুতগামী একটি বাসের সমানে ফেলে দেয়।গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত ১১টার দিকে তাঁকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসে। এ সময় তাঁর মাথা ফেটে যায় এবং পা ভেঙে যায়। পরে তাঁর বাড়ির লোকজন আসার পর খুলনায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নূর আলম সরদার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়ার জালাল সরদারের ছেলে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, সুরতহাল শেষে লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।সদর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, পরিবারের লোকজন সড়ক দুর্ঘটনার কথা বলে লাশ দাফনের জন্য রাতে নিয়ে যান। তবে আজ (রোববার) তাঁরা এটিকে ছিনতাইকারীদের কাজ বলে দাবি করছেন।পরিবারের বক্তব্য, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে দুই ছিনতাইকারী নূর আলম সরদারের ইজিবাইক মান্দারতলা আসার জন্য ভাড়া করে। এ বিষয়টি পুলিশ তদন্ত করছে। সত্যতা পেলে মামলা হবে। তবে এখনো পরিবার লিখিত অভিযোগ করেনি।