ফরিদপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত গ্রেপ্তার ১
ফরিদপুরে ছুরিকাঘাতে মো. মাহফুজুর রহমান নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর এলাকায় মুসলিম মিশন কলেজের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে। মাহফুজের বাড়ি ফরিদপুর সদরের শোভারামপুর গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই কলেজের আহম্মদ আকরাম নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী কোমরপুর এলাকার এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, মাহফুজ (১৮) কলেজের প্রধান ফটকের প্রায় ১৫-২০ ফুট উত্তরে একটি দোকানের সামনে আসেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আট-দশজন তরুণ তাঁকে মারধর করেন। একপর্যায়ে এক তরুণ মাহফুজের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। মাহফুজের কয়েকজন সহপাঠী মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকি ৎ সক মাহফুজকে মৃত ঘোষণা করেন। গতকালই তাঁর লাশের ময়নাতদন্ত হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, কলেজের ছাত্রদের দুটি দলের মধ্যে বিরোধ চলছে। সোমবার বিকেলে একটি দলের একজন ছাত্রকে মারধর করা হয়। সূত্র মতে, এ ঘটনার জের ধরে মাহফুজকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, মাহফুজ তাঁর কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন। তিনি ভদ্র ও বিনয়ী ছিলেন। অধ্যক্ষ বলেন, ‘এর আগে আমাদের কলেজের কোনো ছাত্রকে এভাবে প্রাণ দিতে হয়নি।’