ফরিদপুরে ছয় ইউনিয়ন প্লাবিত, ঘর-জমি বিলীন
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ও ডিক্রিরচর এবং চরভদ্রাসন উপজেলার সদর, গাজীরটেক, চরঝাউকান্দা ও চরহরিরামপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব স্থানে ভাঙন শুরু হয়েছে। ফরিদপুর শহরের ব্যাপারীডাঙ্গী এলাকায় নির্মাণ করা অস্থায়ী বাঁধের ২০ মিটার রোববার দেবে যায়। রাতেই সেখানে জিও ব্যাগ ফেলা হয়। নাশকতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পদ্মার পানিতে গতকাল সোমবার সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর প্রাধমিক বিদ্যালয় ও গদাধরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। সাদীপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে ক্লাস নেওয়া সম্ভব হলেও গদাধরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস পাসের মোবারকের বাড়িতে নেওয়া হচ্ছে। এ ইউনিয়নের ৯০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডিক্রিরচর ইউনিয়নে গত তিন দিনে প্রায় ৬০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পদ্মা নদীতে আকস্মিক পানি বেড়ে চরভদ্রাসন উপজেলার উপজেলার গাজীরটেক ও সদর ইউনিয়নের মাঝিডাঙ্গী গ্রাম, বৈদ্যডাঙ্গী, চরমোহন মিয়া, বিন্দুডাঙ্গী, রহমান প্রামাণিকের ডাঙ্গী, এমপিডাঙ্গী, বালিয়াডাঙ্গী, টিলার চর ও বাদশা মোল্যার ডাঙ্গী গ্রামের প্রায় ৫০ একরের সবজি খেত প্লাবিত হয়েছে। চরঝাউকান্দা ও গাজীরটেক ইউনিয়নের পদ্মার পাড় ঘেঁষে কয়েকটি এলাকায় পদ্মার ভাঙনে ফসলি জমিসহ ৪৯টি বসতঘর বিলীন হয়ে গেছে।সদরের ডিক্রিরচর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী এলাকার বিকল্প বাঁধের ২০ মিটার অংশ গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় দেবে পানি প্রবেশ করতে শুরু করে। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে ৫০০ জিও ব্যাগ ফেলে। রাত সাড়ে আটটার দিকে ওই বাঁধ দিয়ে পানি ঢোকা বন্ধ হয়। এদিকে বিকল্প এ বাঁধটি নিয়ে যাতে কোনো নাশকতার ঘটন না ঘটে সে জন্য এ এলাকায় রোববার রাত থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে কাজের তদারকি করছেন।পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ. মজিদ মোল্লা বলেন, ‘আমি গতকাল সোমবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে অংশটি দেবে গেছে তার উভয় পাশেই বালু ভর্তি জিও ব্যাগ স্থাপন করতে বলা হয়েছে। সোমবার আরও ৫০০ জিও ব্যাগ স্থাপন করা হবে।’