ফরিদপুরে ছয় বাড়িতে হামলা ভাঙচুর, একজন গুলিবিদ্ধ
আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। হামলায় পুলিশের দুজন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান মোল্লার সঙ্গে একই গ্রামের বিএনপি-সমর্থক মারুফ মিয়ার বিরোধ চলে আসছে। উভয় পক্ষের বিরুদ্ধে মোট ১৩টি মামলা আছে। ১৫ এপ্রিল মারামারির অভিযোগে সর্বশেষ মামলাটি করেন শাহজাহান মোল্লা। পুলিশ মঙ্গলবার রাতে কদমী গ্রামে অভিযান চালিয়ে ওই মামলার এজহারভুক্ত জিন্না মোল্লা, আজিজুর মোল্লা ও সন্দেহভাজন হিসেবে মানোয়ার মোল্লা ও আউত মোল্লাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মারুফ মিয়ার পক্ষের লোক। এ ঘটনার প্রতিবাদে মারুফ মিয়ার সমর্থকেরা গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে শাহজাহান মোল্লা, বেলায়েত মোল্লা, সলেমান মোল্লা, মো. কুদ্দুস মোল্লা, কালাম ঠাকুর ও বকু ঠাকুরের বাড়িতে হামলা চালান এবং ভাঙচুর ও লুটপাট করেন। উপপরিদর্শক নিখিল অধিকারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে মারুফের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় মারুফের সমর্থক আকরাম খান (৩৮) কনস্টেবল জিল্লুরের ঘাড়ে আঘাত করে তাঁর রাইফেলটি ছিনিয়ে নেন। জিল্লুর তাৎক্ষণিক সেটি উদ্ধার করে গুলিবর্ষণ করেন। এতে আকরাম খান গুলিবিদ্ধ হন। এ সময় শাহজাহান নামে পুলিশের আরেক কনস্টেবল আহত হন।শাহজাহান মোল্লা বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি, ওরা বিএনপি করে—এ নিয়েই বিরোধ। ওরা বিভিন্ন সময় আমার ৫০ জন সমর্থককের বাড়ি ভেঙেছে। আমরা এলাকায় থাকতে পারছি না। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’ মারুফ মিয়া বলেন, ‘পুলিশের ওপর আমরা হামলা করিনি, পুলিশ আমাদের ওপর নির্যাতন করেছে।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গোলোযোগের অভিযোগে গতকাল বুধবার পুলিশ কদমী ও আশপাশের গ্রাম থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, মাসুদ শেখ, পলাশ শেখ, ইলিয়াস শেখ ও পারভীন বেগম। ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, সংঘর্ষ ঠেকাতে নয়টি গুলি ছোড়া হয়েছে। গুলিতে আহত আকরাম খানকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশের দুই সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।