ফরিদপুরে ছয় মণ নিষিদ্ধ মাছ জব্দ, আটক ৪
ফরিদপুরে নিষিদ্ধ জাটকা, পিরানহাসহ আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ছয় মণ মাছ আটক করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ১৫ হাজার করে টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গত বুধবার সকালে এ অভিযান চালায়।জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে এ অভিযান চালানো হয় ভাঙ্গা উপজেলার পাইকারি মাছ বাজারে। অভিযানকালে আল-আমীন মৎস্য ভান্ডার ও বিসমিল্লাহ মংস্য ভান্ডার থেকে এসব মাছ জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গা মধ্যপাড়া এলাকার জাহিদ শেখ (২৮) ও সোহেল ব্যাপারী (১৬); পূর্ব হাশামদিয়ার নজরুল ইসলাম (২৯) এবং ভাঙ্গা পৌরসভার সুনন্দ কুমার দাস (২৫)। পরে জব্দ করা জাটকা সরকারি শিশুসদন, ফরিদপুর মুসলিম মিশন ও আরামবাগ এতিমখানায় বিতরণ করা হয়। পিরানহা মাছগুলো পুড়িয়ে ফেলা হয়।