ফরিদপুরে জনতা ব্যাংকের ৯৪ লাখ টাকা চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জনতা ব্যাংকের করপোরেট শাখায় গত শুক্রবার রাতে রহস্যজনক চুরি হয়েছে। চোরের দল ব্যাংকের ভল্টে রাখা ৯৪ লাখ ১১ হাজার টাকার সবই নিয়ে গেছে। পুলিশ ব্যাংকের নৈশপ্রহরী পরেশ দাসকে (৪৮) আটক করেছে।জনতা ব্যাংক ফরিদপুর করপোরেট শাখার ব্যবস্থাপক শাহ মো. আসাদুল্লাহ্ জানান, রাতের কোনো এক সময় ব্যাংক ভবনের পশ্চিম-উত্তর কোণের জানালার একাংশের গ্রিল উপড়ে ফেলে অজ্ঞাতনামা কয়েকজন ব্যাংকে ঢোকে। তারা ভল্ট খুলে গত বৃহস্পতিবার পর্যন্ত জমা হওয়া ৯৪ লাখ ১১ হাজার টাকা নিয়ে গেছে। গতকাল সকাল নয়টার দিকে অন্য প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে তিনি (আসাদুল্লাহ্) ব্যাংকে এসে নৈশপ্রহরী পরেশকে অচেতন অবস্থায় দেখতে পান। শুক্রবার দিবাগত রাতে পরেশ একাই ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।ঘটনা তদন্তে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে দুই সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বিকেলে ফরিদপুর পৌঁছেছে।থানা হাজতে নৈশপ্রহরী পরেশ প্রথম আলোকে জানান, ‘শুক্রবার রাতে আমি ডায়রিয়ায় আক্রান্ত ছিলাম। রাতে ঘুমিয়ে পড়ি। কারা, কখন ভেতরে ঢুকেছিল এবং কী করেছে তা আমি জানি না।’ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দকী গতকাল বিকেলে জানান, নৈশপ্রহরী পরেশ ছাড়াও প্রসন্ন কুমার নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মুখে জখম অবস্থায় আটক করা হয়েছে। প্রসন্ন ওই ব্যাংকের পাশে ঘুমাতেন। চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির প্রথম আলোকে বলেন, ‘নৈশপ্রহরীর মুঠোফোনটি খোয়া গেলেও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর হাত-পা বাঁধেনি, এমনকি তাঁর আগ্নেয়াস্ত্রটিও নিয়ে যায়নি। তাই ঘটনাটি খুবই রহস্যজনক বলে মনে হচ্ছে।’