ফরিদপুরে জনতার প্রতিরোধের মুখে সালফিউরিক এসিড উৎপাদনের একটি কারখানা বন্ধ হয়ে গেছে। তীব্র দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হয়ে কয়েকজন অসুস্থ হওয়ায় গত রোববার রাতে এএ রসায়ন শিল্প লিমিটেড নামের ওই কারখানা বন্ধ করে দেওয়া হয়।কারখানাটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিসিক শিল্প নগরীতে অবস্থিত। এর ২০০ গজের মধ্যেই ওই ইউনিয়নের হোগলা-কান্দি, ইব্রাহিমদি, ছোনপচা, মৃগী ও পূর্ব কানাইপুর গ্রামের জনবসতিপূর্ণ এলাকা। এসব গ্রামে আট থেকে নয় হাজার লোক বাস করে।পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা জানান, বিসিক শিল্প নগরীর মধ্যে হওয়ায় ওই কারখানাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এএ রসায়ন শিল্প লিমিটেড সূত্রে জানা গেছে, এখানে প্রথমে উচ্চ তাপে সালফার গলিয়ে সালফার ট্রাই-অক্সাইড গ্যাস উৎপাদন করা হয়। পরে ওই গ্যাস ঘণীভূত করে সালফিউরিক এসিড তৈরি করা হয়। এখানে ২২ ডিসেম্বর থেকে এসিড উৎপাদন কার্যক্রম শুরু হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে ওই কারখানা থেকে তীব্র গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকে। এতে মো. রেজাউল (৩০), মো. আজিজ (২৫), হাকিম (২৫), ওবায়দুর (২৫), নাসির (৩৫) ও শাহজাহান (৩৫) অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় এবং কারখানার সামনে এসে বিক্ষোভ করে।ফরিদপুর বিসিকের ডিজিএম মো. আবদুস সালাম মোল্লা বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং কুয়াশার কারণে ধোঁয়া ওপরে না উঠে নিচে নামায় এলাকাবাসীর চোখ জ্বালাপোড়া করা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়াসহ নানা উপসর্গ দেখা দিয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার গোলদার বলেন, তাৎক্ষণিকভাবে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং উৎপাদন ব্যবস্থাপক শাহাবুদ্দীনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আশীক বলেন, ‘আমি মিল বন্ধ করে দিয়েছি। এ জন্য আমার ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।’