ফরিদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ
ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষ্ণুদিয়া গ্রামের দেবদাস বিশ্বাসের প্রায় ৩০ শতাংশ জমি নিয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাফর মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে জাফর মোল্লা ওই জমিতে চাষাবাদ করতে গেলে দেবদাস বিশ্বাস লোকজন নিয়ে বাধা দেন। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ মোল্লা বলেন, জাফর মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর জুলুম চালিয়ে আসছে। তারা জাল দলিল তৈরি করে হিন্দুদের জমি দখল করতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।