ফরিদপুরে জসীম পল্লি মেলা শুরু
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নে কুমার নদের পারে জসীম উদ্যানে ১৫ দিনব্যাপী জসীম পল্লি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন: পুলিশ সুপার জামিল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান কাজী জায়নুল আবেদীন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নূরুন্নবী।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জসীমউদ্দীনকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ জন্য আমাদের প্রতিনিয়ত জসীমউদ্দীনের লেখা চর্চা করতে হবে। এ চর্চার লক্ষ্যেই ফরিদপুরে জসীম সঞ্চৃতি মিউজিয়াম ও কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।’ ফরিদপুরের মেধাবী স্কুলছাত্রী জাকিয়া আক্তার চম্পা হত্যাকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, খুনিদের ছাড় দেওয়া হবে না। খুনিরা পাতালে গিয়ে লুকালেও সেখান থেকে তাদের ধরে এনে বিচার করা হবে। মেলায় কারুপণ্য বিপণন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিল্প প্রদর্শনী, নারী নির্যাতনবিরোধী পরামর্শ কেন্দ্র, সাহিত্য আলোচনা, জারি গান, বিচার গান, সার্কাস, পুতুলনাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।