ফরিদপুরে জসীম পল্লি মেলার সময় ছয় দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরতলির অম্বিকাপুরের জসীম উদ্যানে চলমান জসীম পল্লি মেলার সময়সীমা আরও ছয় দিন বাড়ানো হয়েছে। এ মেলা গতকাল রোববার শেষ হওয়ার কথা ছিল।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে পক্ষকালব্যাপী এ মেলার আয়োজন করে।
মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বিশেষ অনুরোধে শনিবার সন্ধ্যায় জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ সভায় মেলার সময়সীমা ছয় দিন বাড়ানো হয়। মেলা ২৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি শেষ হবে।
পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিসংলগ্ন জসীম উদ্যানে এ মেলা শুরু হয়। ১৯৯১ সাল থেকে ফরিদপুরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।