ফরিদপুরে জাতীয় নজরুল সম্মেলন আজ থেকে শুরু
ফরিদপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। নজরুল ইনস্টিটিউট ও ফরিদপুরের জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বিকেল চারটায় শহরের অম্বিকা ময়দানে এর উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক রেজাউদ্দিন স্টালিন। এ সময় ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘড়াই উপস্থিত ছিলেন।
রেজাউদ্দিন স্টালিন বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাও তুলে ধরা হবে এ সম্মেলনের মাধ্যমে। প্রতিটি জেলা শহরেরই এ সম্মেলন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খিলখিল কাজী, ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান, জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ ও ধন্যবাদ জ্ঞাপন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
এর আগে বেলা তিনটায় জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া সম্মেলন উপলক্ষে দুই দিনব্যাপী ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।