ফরিদপুরে জাতীয় পার্টির প্রার্থী নেই
ফরিদপুরের পাঁচটি পৌরসভার মধ্যে নগরকান্দা ও বোয়ালমারীতে নির্বাচন হচ্ছে। এই পৌরসভা দুটিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী থাকলেও জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই।
নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া, ‘বিদ্রোহী’ প্রার্থী পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, বিএনপির মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ। ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের ছোট ভাই মোজাফ্ফর হোসেন, উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. নাসিমুজ্জামান খান। বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য শুকুর শেখ, স্বতন্ত্র প্রার্থী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া খান বলেন, ‘যে দুটি পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে শরিক দলের সঙ্গে আমাদের আলোচনা হওয়ায় প্রার্থী দিইনি।’