ফরিদপুরে জামায়াতের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার চক্রান্তে জড়িত সন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা ইজ্জত উল্লাহকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বায়তুল আমান এলাকার একটি এতিমখানার বিশ্রামাগার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, ইজ্জত উল্লাহ সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান। সুব্রতের ভাষ্যমতে, এই হাসপাতালকে ভিত্তি করে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ফরিদপুরকে অস্থিতিশীল করার চক্রান্ত করছিলেন ইজ্জত উল্লাহ। এ জন্য তিনি ফরিদপুরে জামায়াতে ইসলামীর নেতাদেরও সংঘবদ্ধ করে আসছিলেন। তাঁর কাছ থেকে একটি সিডি ও কয়েকটি ধর্মীয় পুস্তিকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, ইজ্জত উল্লাহকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতের পুলিশ পরিদর্শক উত্তম সাহা জানান, ‘বিচারক না থাকায় ইজ্জতকে জেলহাজতে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদনের শুনানির তারিখ পরে ধার্য করা হবে।’ গতকাল জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াত নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়। এতে বলা হয়, ইজ্জত উল্লাহ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম দায়িত্বশীল সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে জেলা জামায়াতের একটি কর্মশালা চালাতে বৃহস্পতিবার ফরিদপুরে এসেছিলেন। ওই দিন বিকেল চারটায় জেলা জামায়াতের কার্যালয়ে কর্মশালাটি হয়। অনুষ্ঠান শেষে রাতের খাবার খেয়ে তিনি বিশ্রামে চলে যান। সেখান থেকে রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে বলা হয়, বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিদ্বেষপ্রসূত ইজ্জত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।