ফরিদপুরে জামায়াতের কেন্দ্রীয় নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর
ফরিদপুরে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির মাওলানা ইজ্জত উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সকালে জেলার ১ নম্বর আমলি আদালতের হাকিম আল-আমীন মাতুব্বর এ রিমান্ড মঞ্জুর করেন।গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইজ্জত উল্লাহকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফরিদপুরের একটি এতিমখানার বিশ্রামাগার থেকে আটক করে। পরদিন পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ১ নম্বর আমলি আদালতে ইজ্জত উল্লাহর রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হয়। ফরিদপুর জজকোর্টের আইনজীবী লুৎফর রহমানসহ পাঁচজন আইনজীবী জামায়াত নেতার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আখ্যায়িত করে তাঁর মুক্তি দাবি করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলীমুজ্জামান জামিনের আবেদনের বিরোধিতা করে মামলার তদন্তের প্রয়োজনে জামায়াত নেতার সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন নাকচ করে ইজ্জত উল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।