
মানহানির অভিযোগে করা আরেকটি মামলায় ফরিদপুরের আদালত থেকে জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এর আগে আরও কয়েকটি জেলায় মানহানির অভিযোগে করা মামলায় জামিন পান তিনি।
ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম হামিদুল ইসলাম আজ মঙ্গলবার মাহফুজ আনামের জামিনের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে মাহফুজ আনাম ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে ১০-১২ জন আইনজীবী ছিলেন। এ সময় আদালতে মামলার বাদী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী মো. জাহিদ ব্যাপারী উপস্থিত ছিলেন। তিনি বা তাঁর পক্ষের কোনো আইনজীবী জামিন আবেদনের বিরোধিতা করেননি। শুনানি শেষে আদেশ দেন আদালত।
পরে মাহফুজ আনামের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, এক হাজার টাকার জামিননামায় মাহফুজ আনামকে জামিন দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ ২৯ মে।
আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, সংবাদপত্রের কোনো প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তাঁকে প্রথমে সম্পাদকের কাছে প্রতিবাদপত্র পাঠাতে হয়। কিন্তু এই মামলার ক্ষেত্রে বাদী কোনো প্রতিবাদপত্র পাঠাননি। তিনি (বাদী) সরাসরি মানহানির অভিযোগে মামলা করেছেন। মামলা দায়েরের প্রক্রিয়াটি সঠিক হয়নি।
গত ২২ ফেব্রুয়ারি ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে মানহানির মামলাটি করা হয়। বাদীর নিজের পাঁচ লাখ টাকা এবং দল আওয়ামী লীগের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার বাদী জাহিদ ব্যাপারী সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি)।
মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। তাঁর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে।