ফরিদপুরে জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণের আলো ছড়িয়ে দাও সবখানে’—এ আহ্বানের মধ্য দিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো প্রথম আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। গতকাল শুক্রবার সকালে শহরের সরকারি ইয়াছিন কলেজে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাহাঙ্গীর হোসেন। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডের পতাকা তোলার মধ্যে দিয়ে এ উৎসব শুরু হয়। পরে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। ফরিদপুর শহরের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২১ জন শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কমিটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ এ এইচ এম ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু।প্রতিযোগিতার পর ‘আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ’ জীববিজ্ঞান উৎসবের এ সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখহরি সরকার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।