ফরিদপুরে জেএমবির পলাতক আসামি আরিফ গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি মো. আরিফ খানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মুজিব সড়কের নিলটুলী এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।র্যাব জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার দিনে ফরিদপুর আদালত চত্বরেও কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আরিফ খানসহ জেএমবির ১৫ সদস্যের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। পরে এ ঘটনায় ওই ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আরিফসহ ছয় আসামি পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, র্যাব সদস্যরা গতকাল শুক্রবার সকালে আরিফকে থানায় সোপর্দ করেছেন। আজ শনিবার তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।