ফরিদপুরে জেলা বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হককে মোবাইল ফোনে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করে জহিরুল হক গতকাল শুক্রবার রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জহিরুল হক জানান, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে একটি নম্বর (০১৯৩৭৪১৬৫৫৪) থেকে তাঁর নম্বরে ফোন করে মালিবাগের উজ্জ্বল পরিচয় দিয়ে এক ব্যক্তি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর পরিণতি নারায়ণগঞ্জের মতো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। জহিরুল হক আরও বলেন, এর কিছুক্ষণ পর ০১৭১৬৮০৮৮২০ নম্বরে থেকে তাঁকে এসএমএস দিয়ে একই হুমকি দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে জহিরুল হক শুক্রবার রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি করার ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুদ্দিন বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।