ফরিদপুরে ঝড়ে ছয়জন নিহত

ঝড়ে ফরিদপুর সদর উপজেলায় একটি পাটকলের শ্রমিকসহ ছয়জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ফরিদপুর সদরের গেরদা, আলীয়াবাদ, অম্বিকাপুর, কৃষ্ণনগর ও কৈজুরি ইউনিয়ন এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
ঝড়ে সদর উপজেলায় চার শতাধিক ও সালথায় তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের চাল ধসে পড়ে চার শ্রমিক নিহত হন। তাঁরা হলেন কুড়িগ্রামের হজরত আলী (৫৫), ফরিদপুরের বাখুণ্ডার মালতী মণ্ডল (৪০), আকাশ (২২) ও খুলনার চান্দু শেখ (৫০)। একই ইউনিয়নের বউঘাটা গ্রামে ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন বিরেন বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তি। আর কৃষ্ণনগর ইউনিয়নের দড়ারিপাড়া গ্রামে আবুল শাহ (৪০) নামের এক ব্যক্তি গাছচাপায় মারা যান। ঝড়ে আহত ব্যক্তিদের মধ্যে ৬০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চারজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোবায়দা-করিম জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, ঝড়ের সময় কারখানায় প্রায় সাড়ে তিন শ শ্রমিক কাজ করছিলেন। ঝড়ে করাখানার চাল ভেঙে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
ওই মিলের শ্রমিক ফরিদপুর সদরের কানাইপুর এলাকার শুকুর আলী বলেন, ‘সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ বৃষ্টি কমে চারদিক অন্ধকার হয়ে আসে। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রচণ্ড দমকা বাতাসে মিলের চাল হুড়মুড় করে ভেঙে পড়ে। আমরা চিৎকার-চেঁচামেচি করতে করতে এলোমেলোভাবে ছোটাছুটি শুরু করি।’ তিনি বলেন, মাত্র তিন মিনিটে সব লন্ডভন্ড হয়ে যায়।
ঘটনার পর কারখানার লোকজন, এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ছাড়া ঝড়ে ওই এলাকাতেই শরিফ জুট মিলের নির্মাণাধীন একটি ভবনের দোতলার অংশ ধসে পড়ে। ওই এলাকায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গেরদা এলাকায়গাছ উপড়ে পড়ে একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গেরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হোসেন জানান, ঝড়ে ইউনিয়নের কেশবনগর গ্রামের বিরেন বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তি ঘরচাপা পড়ে নিহত হন। এ ছাড়া ওই এলাকার অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ উপড়ে পড়ায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ঝড়ে ইউনিয়নের দড়ানিপাড়া গ্রামে গাছচাপা পড়ে মারা গেছেন আবুল শাহ (৪০) নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি মানিকগঞ্জের উথলী এলাকায়।
আলীয়াবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, ঝড়ে ইউনিয়নের আলীয়াবাদ ও গদাধরডাঙ্গি গ্রামের ১২৬টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন চারজন। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৈজুরি ইউপির চেয়ারম্যান খন্দকারইফতেখার উদ্দিন বলেন, নির্খুরদী ও ধুলদী গ্রামের শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে।
অম্বিকাপুর ইউপির চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, ঝড়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া শতাধিক গাছ উপড়ে গেছে। গাছ উপড়ে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ঘূর্ণিঝড়ে মিলের শ্রমিকসহ মোট ছয়জন নিহত হন। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া আহত ও ক্ষতিগ্রস্ত সবাইকে সাহায্য দেওয়া হবে।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
আটঘর ইউপির চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম খান জানান, ঘূর্ণিঝড়ে আটঘর ইউনিয়নের সাড়-কদিয়া উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ভূমি কার্যালয়, মাদ্রাসা, মসজিদ ও সাড়-কদিয়া বাজারের কয়েকটি দোকান এবং খোয়াড়গ্রামসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ে আছে।
গট্টি ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে ইউনিয়নের ভাবুকদিয়া, আড়-য়াকান্দী, বালিয়াসহ বিভিন্ন গ্রামে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।