ফরিদপুরে ঝড়ে প্রাণ গেল ছয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় আজ রোববার ঝড়ে একটি কারখানার ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছে। পৃথক ঘটনায় মারা গেছেন আরও দুজন। ঝড়ে আহত হয়েছেন অন্তত ৬৪ জন।

এঁদের মধ্যে অন্তত ৬০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন হজরত আলী, মালতী মণ্ডল, আকাশ, চান্দু শেখ, বিরেন বিশ্বাস ও আবুল শাহ। এঁদের মধ্যে প্রথম চারজন ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের শ্রমিক।
কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে ওই কারখানার টিনের ছাদ ধসে শ্রমিকদের ওপর পড়ে। ওই সময় কারখানায় প্রায় ৩০০ শ্রমিক কাজ করছিলেন। ছাদ ভেঙে শ্রমিক হজরত আলী, মালতী, আকাশ ও চান্দু নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন শ্রমিক। ঘটনার পরপরই কারখানার লোকজন, এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কারখানায় কর্মরত শ্রমিক শুকুর আলী বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রচণ্ড দমকা হাওয়ায় কারখানার ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। আর তিনিসহ কয়েকজন কোনোমতে কারখানা থেকে বেরিয়ে আসেন।

এদিকে আজ প্রায় একই সময়ে ঝড়ে গেরদা ইউনিয়নে ঘরচাপায় বিরেন বিশ্বাস নামের এক ব্যক্তি মারা যান। আর কৃষ্ণনগর ইউনিয়নে গাছ চাপা পড়ে মারা যান আবুল শাহ নামের আরেক ব্যক্তি। নিহত বিরেনের বাসা গেরদা ইউনিয়নের কেশবপুর গ্রামে। নিহত আবুলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের উথলী এলাকায়। আবুল কৃষ্ণনগর ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে স্থানীয় লোকজন জানান।

স্থানীয় লোকজন বলেন, ঝড়ে গেরদা, আলীয়াবাদ, কৈজুরি ও অম্বিকাপুর ইউনিয়নের শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালাও উপড়ে গেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, ঝড়ে আহত হওয়া মোট ৬০ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ঝড়ে শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। এ ছাড়া আহত ও ক্ষতিগ্রস্ত সবাইকেই সাহায্য দেওয়া হবে।