ফরিদপুরে টর্নেডো, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তিনটি ইউনিয়নে গতকাল বুধবার দুপুরে টর্নেডোর আঘাতে এক স্কুলছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে৷ এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছে একজন৷ ঝড়ে ২০টি গ্রামের দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷ তিন শতাধিক গাছ উপড়ে গেছে৷
স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাতৈর, ঘোষপুর ও দাদপুর ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে টর্নেডো হয়৷ ঝড়ে গাছ পড়ে বোয়ালমারী-মাঝকান্দি আঞ্চলিক সড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়৷ ঝড়ের সময় পুকুর থেকে গোসল করে বাড়িতে ফেরার পথে গাছ চাপা পড়ে আহত হয় সাতৈর ইউনিয়নের ছেরাপুর গ্রামের মোহন প্রামাণিকের মেয়ে প্রিয়া (১৪)৷ প্রিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ প্রিয়া সাতৈর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত৷
একই সময় ঝড়ে ঘর চাপা পড়ে মারা যান একই ইউনিয়নের বেড়াদি গ্রামের হিসামদী শেখের ছেলে কৃষক বাবলু শেখ (৪০)৷ বজ্রপাতে আহত হন ঘোষপুর ইউনিয়নের লঙ্কার চর গ্রামের দিলীপ রায়ের ছেলে কলিন্স রায় (২৫)৷
একই সময় বজ্রপাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামে কাঠমিস্ত্রি সুবল মজুমদার, তাঁর স্ত্রী কল্পনা মজুমদার (৪০) ও মেয়ে কনিকা মজুমদার (২২) আহত হয়েছেন৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন জানান, ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে৷ ঝড়ে নিহত দুই পরিবারের সদস্যদের উপজেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা দেওয়া হয়েছে৷
বরিশাল অফিস জানায়, বানারীপাড়া উপজেলার শলিয়া-বাকপুর গ্রামে গতকাল দুপুর দুইটার দিকে বজ্রপাতে পারুল বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়৷ পারুল ওই গ্রামের বাসিন্দা মোকলেছ উদ্দিনের স্ত্রী।