ফরিদপুরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে সরকারি উদ্যোগে দরিদ্র ক্রেতাদের জন্য পরিবেশকের (ডিলার) মাধ্যমে ছাড় মূল্যে পণ্য বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবারও ছোলা, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির উদ্যোগ নেয়। এ জন্য ফরিদপুর সদরের দুজন ডিলার খুলনা থেকে টিসিবির পণ্য আনেন। তাঁদের দাবি, অতিরিক্ত পরিবহন খরচের কারণে তাঁদের লোকসান গুনতে হয়। এ কারণে আগে আনা মসুর ডাল বিক্রি করছেন। অন্য পণ্য আর আনছেন না।

দুজন পরিবেশক হলেন রফ রফ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. শহীদুল্লাহ ও অভী ট্রেডিংয়ের অসিত কুমার নাগ। এর মধ্যে শহীদুল্লাহ শহরের গুড় বাজার এলাকায় নিজ দোকান থেকে এবং অসিত ট্রাকের মাধ্যমে শহরে ঘুরে ঘুরে টিসিবির পণ্য বিক্রি করতেন।

অসিত কুমার ১৭ ও ২৪ মে দুই দফা খুলনা থেকে টিসিবির পণ্য আনেন। শহীদুল্লাহ গত মে মাসের মাঝামাঝিতে মাত্র একবার পণ্য আনেন। শুধু মসুর ডাল ছাড়া অন্য পণ্য শেষ হয়ে গেছে। এ কারণে ফরিদপুর সদরের ক্রেতারা টিসিবির অন্য পণ্য কিনতে পারছেন না।

পরিবেশকেরা টিসিবির মাধ্যমে কেজিপ্রতি ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা ও চিনি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রি করেন। প্রত্যেক ক্রেতা একবারে ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা ও ৫ লিটার তেল কেনার সুযোগ পান।

পরিবেশক শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা টিসিবির পণ্য বিক্রি করতে আগ্রহী। কিন্তু এই পণ্য খুলনা থেকে আমাদের ট্রাকে করে আনতে হয়। পরিবহন খরচ বেশি হওয়ায় ১০ থেকে ১২ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়। এর ফলে আমাদের লোকসান গুনতে হয়। এ ছাড়া পণ্য ওজনেও কম পাওয়া যায়। সব মিলিয়ে আমি সংকটের মুখে পড়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি টিসিবির পণ্য আর বিক্রি করব না।’

অসিত কুমার বলেন, ‘খুলনা থেকে পণ্য আনার খরচের পাশাপাশি ট্রাকে ঘুরে ঘুরে মালামাল বিক্রি করায় প্রতিদিন আরও এক থেকে দেড় হাজার টাকা বেশি খরচ হয়। তাই এ পণ্য বিক্রি করে লোকসানের সম্মুখীন হচ্ছি। যদি এ পণ্য ফরিদপুর শহর থেকে আমাদের সরবরাহ করা হয়, তাহলে এ পণ্য বিক্রি করা সম্ভব। তা না হলে এ পণ্য বিক্রি করা সম্ভবপর হচ্ছে না।’

টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. রবিউল মোরশেদ বলেন, টিসিবির কার্যালয় শুধু বিভাগীয় শহরগুলোতে রয়েছে। এ জন্য ফরিদপুরের পণ্য খুলনা থেকে নিতে হয়। টিসিবি যদি ভবিষ্যতে ফরিদপুরে কার্যালয় খোলে, তাহলে পরিবেশকেরা ফরিদপুর থেকে এ পণ্য সংগ্রহ করতে পারবেন। এর আগে বর্তমান ব্যবস্থাই চলতে থাকবে।