ফরিদপুরে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এই দম্পতির চারজন আত্মীয়। গতকাল শনিবার দুপুরে শহরের ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বাবুল (৪৫) ও তাঁর স্ত্রী চায়না (৩২)। আহত ব্যক্তিরা হলেন চায়নার ননদ রোজিনা (২৫), তাঁর তিন ছেলে জহুরুল (৮), তামিম (৭) ও রেদোয়ান (২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সদর উপজেলার কানাইপুরের হোগলাকান্দি থেকে চিকিৎসা নেওয়ার জন্য ওই ছয়জন অটোরিকশায় করে ফরিদপুর শহরে আসছিলেন। দুপুরে মুজিব সড়কের ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে তাঁদের অটোরিকশাটিকে চাপা দেয় বালুবোঝাই একটি ট্রাক। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহসিনুল হক বলেন, ট্রাকটি আটক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। অটোরিকশার চালক পলাতক।