ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সেলিম ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত সোমবার বিকেল পৌনে চারটার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের মধুখালী উপজেলার ফরিদপুর চিনিকলসংলগ্ন দেউল মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার বাণীবহ গ্রামে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। জেলা প্রশাসক ও মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই সেলিমের লাশ তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।