ফরিদপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কা খেয়ে নিপা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিপা মূক ও শ্রবণপ্রতিবন্ধী ছিল।

আজ শুক্রবার বেলা একটার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের বোয়ালমারী পৌর এলাকার শিবপুরে এ দুর্ঘটনা ঘটে ।
নিপা পৌর এলাকার পূর্ব কামারগ্রাম এলাকার সিরাজ মোল্লার মেয়ে। সে বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ওই শিশুটিকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিত্সক তাপস কুমার বিশ্বাস জানান, মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় নিপার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, স্কুলছাত্রীটি ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় রেললাইন পার হতে গেলে ট্রেনের বাড়ি খেয়ে পড়ে গিয়ে নিহত হয়।