ফরিদপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তির দুই চোখ উৎপাটন
ফরিদপুরে ডাকাত সন্দেহে মো. আক্রাম (৩৫) নামের এক ব্যক্তির দুই চোখ কোটর থেকে তুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আক্রাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন। তাঁর বাড়ি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে।কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ফকির সিদ্দিকুর রহমান জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১৫/১৬ জনের এক দল ডাকাত গোয়ালকান্দি গ্রামের ইউসুফের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ইউসুফের ঘরের দরোজা ভেঙে ভেতরে ঢুকে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে পাঁচ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পরে ডাকাত দল পাশের দেলোয়ারের বাড়িতে হানা দিয়ে চার হাজার টাকা লুটে নেয়। গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ধরতে এগিয়ে গেলে ডাকাতেরা দুটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। গতকাল ভোরে ওই গ্রামের একটি ঝোঁপের আড়াল থেকে গ্রামবাসী আক্রামকে আটক করে। তাঁকে ডাকাত দলের সদস্য সন্দেহে গ্রামবাসী পেয়ারপুর হাই স্কুল মাঠে নিয়ে প্রথমে পিটুনি দেয়। পরে তাঁর দুই চোখ উপড়ে ফেলে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গতকাল সন্ধ্যায় জানান, গতকাল সকালে আক্রামকে জনতার হাত থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।