ফরিদপুরে ডাকাতদের হামলায় শিক্ষক দম্পতি আহত
ফরিদপুরে ডাকাতদের হামলায় এক শিক্ষক দম্পতি আহত হয়েছেন। ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম প্রদীপ কুমার কর (৫৫)। তিনি গোহাইলবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রীর নাম রীনা চৌধুরী (৪০)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন প্রদীপ কুমার কর অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিবেশী গোপাল কর্মকার (৪০) বাড়িতে এসে তাঁকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, ‘কাকা, দরজা খুলুন। আমার খুব বিপদ। আমার অসুস্থ ছেলেকে হাসপাতালে নিতে হবে, আপনার মোটরসাইকেলটি প্রয়োজন।’ খুব পীড়াপীড়ি করায় তিনি দরজা খুলে দেন। এ সময় গোপালসহ চারজন ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাঁকে রক্ষা করতে এলে ডাকাতেরা তাঁর স্ত্রীকেও কুপিয়ে জখম করে। ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রদীপ কুমারের মাথা, ঘাড় ও ডান হাতে ছয়টি আঘাতের চিহ্ন আছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, এ ব্যাপারে প্রদীপ কুমার কর ডাকাতির অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপাল কর্মকার ও ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।