ফরিদপুরে ডায়াবেটিক চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের পশ্চিম খাবাসপুর এলাকায় আনোয়ারা হামিদা আই হাসপাতালে আজ সোমবার সকালে রেটিনা ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রেটিনা বিশেষজ্ঞ নিয়াজ আবদুর রহমান বিনা মূল্যে রোগী দেখেন। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

ফরিদপুরে ডায়াবেটিক চক্ষু চিকিৎসা (রেটিনা ক্লিনিক) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত আনোয়ারা-হামিদা আই হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন রেটিনা বিশেষজ্ঞ নিয়াজ আবদুর রহমান।

এখানে উপস্থিত ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ডায়াবেটিস রোগীদের যেসব শারীরিক জটিলতার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম চোখ। সঠিক সময়ে চোখের প্রকৃত সমস্যা জানা না গেলে ওই রোগীদের স্থায়ীভাবে অন্ধত্বের শিকার হতে হয়। তবে আগে থেকে রেটিনার ছবি তুলে তা বিশ্লেষণ করে রোগ প্রতিরোধের ব্যবস্থা করা গেলে এ কারণে অন্ধত্বের হার কমে আসবে।

আনোয়ারা-হামিদা আই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎ​সক মো. মোহসীন বেগ বলেন, এ রেটিনা ক্লিনিকে রেটিনাল এনজিওগ্রাম ও রেটিনাল লেজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। আন্তর্জাতিক মানের এ চিকিৎসাপদ্ধতি ফরিদপুর জেলা বা তার আশপাশের জেলা শহরগুলোতে নেই। এখানে চিকিৎসা করার জন্য এ পর্যন্ত ৬৩ জন রোগী নাম অন্তর্ভুক্ত করেছেন।