ফরিদপুরে ডিবি পরিচয়ে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত বুধবার রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ইসমাইল মুন্সীরডাঙ্গি ও পাশের নতুনডাঙ্গি গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০-২২ জন ডাকাত ইসমাইল মুন্সীরডাঙ্গি গ্রামের আলাউদ্দিন ব্যাপারী, হিরু ব্যাপারী এবং নতুনডাঙ্গি গ্রামের শুকুর আলী ও মুন্নাফ মোল্লার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি করে৷ ডাকাতেরা চার বাড়ি থেকে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার ও তিন লাখ ২০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

আলাউদ্দিন ব্যাপারী বলেন, ‘ডাকাতেরা প্রথমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। আমরা দরজা না খুললে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। ডাকাত দলের কারও কারও মুখোশ পরা ছিল। বয়স ২২ থেকে ৩০ এর মধ্যে।’

এলাকাবাসী জানায়, গ্রামবাসী ডাকাত দলকে তাড়া করে রাতেই ডাকাত দলের সদস্য সন্দেহে আইউব মোল্লা (২৫) ও মো. লাবলুকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল সকালে ডাকাত দলের এক সদস্যের ফেলে যাওয়া মুঠোফোনের সূত্র ধরে মো. কামাল (২৮) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয় ।

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তুহিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুদ্দিন বলেন, এ ঘটনায় এ পর্যন্ত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।